বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও স্থানীয় উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আয়োজিত পাবলিক টাউন হল সভায় অতিথি ও অংশগ্রহণকারীরা।
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও স্থানীয় উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের হোটেল শ্রীমঙ্গল ইন (শাদী মহল)-এর হলরুমে নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা (পিএসইউএস)। এতে সহযোগিতা করে ডিনেট।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী প্রমুখ।
প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল কবির লস্করের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে নাগরিক সমন্বয় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন ডিনেটের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময়। শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় সমস্যা ও উন্নয়ন অগ্রাধিকার বিষয়ে বক্তব্য দেন পিএসইউএসের উপজেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন।
আসিফ আহমেদ তন্ময় বলেন, নারী, তরুণ-যুবা, চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মতামত ও দাবিকে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এ জন্য সামাজিক উন্নয়ন সংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনগণ এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে পাবলিক টাউন হল সভা।
মো. জয়নাল আবেদীন শ্রীমঙ্গল উপজেলার উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে বলেন, স্থানীয় জনগণের সমস্যা চিহ্নিত করা, তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ নিশ্চিত করা নাগরিক সমন্বয় প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন, বাঁধ ও খাল সংস্কার, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নারীর নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ এলাকার সমস্যা, বঞ্চনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে করণীয়, সরকারি সেবা প্রাপ্তির সুযোগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় ২০২৫ সাল থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় নাগরিক সমন্বয় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ডিনেটের মাধ্যমে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ এলাকার আশপাশে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর (সিবিও) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ফান্ডটি ব্যবস্থাপনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।