সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
রাজশাহী ব্যুরো চিফ:
রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে মো. নাসির উদ্দীন সরকার নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় মজুত থাকা ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দীন সরকার ওই গ্রামের আফু সরকারের ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমকে সামনে রেখে বাঘার ঐতিহ্যবাহী গুড়ের বাজারে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নাসির উদ্দীন সরকারের বাড়িতে স্থাপিত কারখানায় ভেজাল গুড় তৈরির প্রমাণ পাওয়া যায় বলে জানায় প্রশাসন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, প্রকৃত খেজুর বা আখের রসের পরিবর্তে চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ, ডালডা, আটা এবং কাপড়ে ব্যবহৃত রং ও বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করা হচ্ছিল। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ভেজাল গুড় ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।