সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
ছেলেকে অপহরণ মামলায় আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এক পিতা। তাঁর অভিযোগ, প্রতিবেশীর মেয়ের সঙ্গে ছেলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং মেয়েটি স্বেচ্ছায় তাঁর ছেলের সঙ্গে চলে গিয়েছিল। তবে মেয়েটির বাবা দাবি করেছেন, তাঁর মেয়ের বয়স ১৪ বছর ৭ মাস এবং তাকে অপহরণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গাজীপুর গ্রামের মো. আনোয়ার মিয়া।
লিখিত বক্তব্যে আনোয়ার মিয়া বলেন, প্রতিবেশী ফখরুল ইসলামের মেয়ে তামান্না আক্তারের সঙ্গে তাঁর ছেলে আবুল খায়েরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৫ মিনিটে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তামান্না। পরে একটি ফোন নম্বর থেকে আবুল খায়েরকে ফোন করে সে জানায়, তার বাবা-মা ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বিয়ে ঠিক করেছেন। এ সময় তাকে দ্রুত নিয়ে যাওয়ার অনুরোধ করে এবং তা না হলে আত্মহত্যার হুমকি দেয় বলে পরে জানতে পারেন তিনি।
আনোয়ার মিয়ার দাবি, ফোন পেয়ে তাঁর ছেলে শ্রীমঙ্গলের সিন্দুরখান বাজারে তামান্নার সঙ্গে দেখা করে। পরে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখান থেকে অন্যত্র চলে যায়।
তিনি বলেন, এ ঘটনায় গত ১৭ অক্টোবর শ্রীমঙ্গল থানায় অপহরণ মামলা করেন ফখরুল ইসলাম। মামলায় তাঁকে, তাঁর ছেলে, ভাই ও ভাতিজাসহ পরিবারের পাঁচজনকে আসামি করা হয়। মামলার সূত্র ধরে ঢাকার এসআরবি এলাকা থেকে তাঁর ছেলেকে এবং মৌলভীবাজার থেকে তামান্নাকে আটক করে পুলিশ। পরে তামান্নাকে তার বাবার হেফাজতে দেওয়া হয় এবং তাঁর ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া তিনি ও মামলার অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বলে জানান।
আনোয়ার মিয়ার দাবি, তাঁর ছেলে ও তামান্না পরিবারের অজান্তে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে করেছিল বলে তাঁরা জানতে পেরেছেন। পরবর্তী সময়ে এফিডেভিটের মাধ্যমে আইনগত বিয়ের ঘোষণাও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার মিয়া জানান, তামান্নার নিজের হাতে লেখা একটি চিঠি তাঁদের কাছে রয়েছে। তাঁর দাবি, গত ১ অক্টোবর লেখা ওই চিঠিতে তামান্না তাদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে উল্লেখ করেছে এবং পরিবারের ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বিয়ের আয়োজন করায় নিজের পছন্দের মানুষের সঙ্গে চলে যাওয়ার কথা লিখেছে।
এ ছাড়া তাঁর ছেলে ও তামান্না বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থান করেছে বলে দাবি করেন আনোয়ার মিয়া। তাঁর ভাষ্য, ছেলের কাছ থেকে এক চাচাতো ভাইয়ের স্ত্রীর কাছে তামান্নার অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানতে পেরেছেন। তাঁদের সম্পর্কের প্রমাণ হিসেবে একসঙ্গে তোলা ছবি, ভিডিও এবং বিয়েসংক্রান্ত কিছু নথি ও উপকরণ তাঁদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
আনোয়ার মিয়া বলেন, মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তামান্নার হাতে লেখা চিঠি, তার ব্যবহৃত ফোনের কললিস্ট, বিয়ের কাগজপত্র, ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা প্রয়োজন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তামান্নার বাবা ফখরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে নাবালিকা। তার বয়স ১৪ বছর ৭ মাস। আমার মেয়েকে তারা তাবিজ-কবজ করে অপহরণ করে নিয়ে যায়।’
এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার বক্তব্য এবং মামলার বর্তমান অবস্থা জানা গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।