শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিনস্টন ভিডিশনের আওতাধীন খেজুরীছড়া চা বাগান চলমান অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা সভাকক্ষে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে একটি মতবিনিময় সভায় বাগানের চলমান অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বাগান ধর্মীয় খেজুরীছড়া বাগানে ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজাপার্বণ উদযাপিত হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হবে যারা নির্বিঘ্নে পূজা উদযাপনের নিমিত্ত সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে একটি স্থায়ী সমাধানে উপনীত হবে।
এছাড়াও মন্দিরে চলমান সংস্কার উন্নয়নমূলক কাজে সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব বরাদ্দ প্রদান করে চলমান উন্নয়ন কাজ গতিশীল করা হবে।
খেজরীছড়া চা বাগানের ডিজিএম ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় বা ভুল বোঝাবুঝি তৈরি হয় এমন কোনো বক্তব্য দিবেন না বা কাজ করবেন না। যদি করেন, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে, তাহলে তাকে অপসারণ অন্যত্র বদলি/বিধি-মোতাবেক ব্যবস্থা নিবেন ‘ফিনলে’ কর্তৃপক্ষ।
সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় ফিনলে টি কোম্পানি কর্তৃপক্ষ, চা বাগান শ্রমিক, বিএনপি, এনসিপি নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।