রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর শনিবার সকালে বাবা-মা ও তাঁদের তিন শিশুসন্তানের মৃত্যুর বিষয়টি সামনে আসে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে ফরেনসিক দল কাজ শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমাতে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে তাঁদের ঘুম থেকে উঠতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর বিষয়টি জানা যায়।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামে পৌঁছায় পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বুলেন্স ও খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীরা। সেখান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান লাদ্দু (১১), মিষ্টি (৭) ও সক্ষত (৩)।
মহেশের মায়ের বরাতে জানা গেছে, আগের রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন। তবে ওই খাবারের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৃত্যুর কারণ নির্ধারণের চেষ্টা চলছে।
নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার সারণ কুমার সিং জানান, পরিবারের সদস্যরা শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খাবার খেয়ে ঘুমাতে যান। শনিবার সকালে তাঁদের মধ্যে একজন শিশুর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সে ঘুম থেকে না ওঠায় ঘটনাটি সামনে আসে।
স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র সিং বলেন, খাবারে বিষাক্ত কোনো উপাদান ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মহেশের শ্যালিকা পরিবারের অভ্যন্তরীণ বিরোধের কথা জানিয়েছেন। তাঁর দাবি, জমি নিয়ে বিরোধের কারণে পরিবারটি সমস্যার মধ্যে ছিল। তবে এই বিরোধের সঙ্গে পাঁচজনের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তকারীরা মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।