রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩৫ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার আড়ানগর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে মুরাদ হোসেনের বাড়ির ৩০ শতাংশ আয়তনের পুকুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত মুরাদ হোসেন জানান, পুকুরে চাষ করা বিক্রির উপযোগী মাছগুলো বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে। এতে তাঁর প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মুরাদ হোসেনের অভিযোগ, পূর্বশত্রুতা ও প্রাণনাশের হুমকির জেরে স্থানীয় আড়ানগর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মুরাদ হোসেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা মামলা করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।