শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকিদ ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুকিদ বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের কাছে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ভবনটির ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে অসাবধানতাবশত পড়ে যায় সে।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, খেলার একপর্যায়ে শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।