রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ: নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার রাণীনগর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ শেখ (৫২) এবং রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্বী শেখ (২৫)। তাঁরা দুজনই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা। আশরাফ শেখ ওই গ্রামের মতিন শেখের ছেলে এবং রাব্বী শেখ আফছার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খানপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আশরাফ শেখ ও রাব্বী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।