শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় মানিক মিয়ার বাড়ির রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মানিক মিয়ার স্ত্রী রান্নাঘরে একটি সাপ দেখতে পান। এ সময় তিনি আতঙ্কে চিৎকার শুরু করলে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে আসেন। পরে রান্নাঘরে সাপ থাকার বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা রান্নাঘরে রাখা লাকড়ির ভেতর থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি একটি দাঁড়াশ। এটি কৃষির জন্য উপকারী একটি সাপ। সাধারণত ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে এটি কৃষকের উপকার করে।
উদ্ধারের পর সাপটিকে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।