বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা।উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ উড়াওয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, সংসদ সদস্যের সহধর্মিণী মুনিরা সুলতানা, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মো. মুরাদ হাসান, উপদেষ্টা উজ্জ্বল কুমার সরকার ও আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহানসহ অনেকে।
কারাম উৎসবে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক ও নৃত্যদল অংশ নেয়। তারা নিজস্ব নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।
উৎসবকে ঘিরে ডাকবাংলা মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
আয়োজকরা জানান, নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার অন্যতম মাধ্যম হিসেবে প্রতিবছর কারাম উৎসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।