মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রির অভিযোগে এক কবিরাজ ও এক ওষুধ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাথাইলকান্দী বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাছান।
অভিযানে হাড় জোড়া লাগানোর চিকিৎসা দেওয়ার অভিযোগে রাশেদুল নামে এক কবিরাজকে ৫০ হাজার টাকা এবং অনিয়মের অভিযোগে আশরাফুল নামে এক ওষুধ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় তাদের চিকিৎসা ও ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানা করেন।
অভিযানে থানার এসআই মো. বেলাল হোসেনসহ পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা কিংবা নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রির মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাধারণ মানুষকে অনুমোদিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বৈধ ওষুধের দোকান থেকে ওষুধ কেনার আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।