শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ বাস্তবায়নের নামে বিডব্লিউটিসিসির (BWTCC) ছাড়পত্রবিহীন লাইটার জাহাজ পরিচালনার দায়ে মাস্টারদের যোগ্যতা সনদ বাতিল বা স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় শাখা।
ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, নৌপরিবহন অধিদপ্তর গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে যোগ্যতা সনদধারী মাস্টারদের পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ অনুযায়ী বিডব্লিউটিসিসির ছাড়পত্রবিহীন লাইটার জাহাজে পণ্য পরিবহন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট মাস্টারদের সনদ স্থগিত বা বাতিলের কথা জানানো হয়েছে।
ফেডারেশন নেতারা বলেন, শ্রমিকেরা পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ শতভাগ বাস্তবায়নের পক্ষে। তবে এ নীতিমালা কার্যকর করতে হলে জাহাজ বুকিংয়ের কাজে নিয়োজিত লোকাল এজেন্ট এবং নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত জাহাজ মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু মালিকের নির্দেশ পালন করতে বাধ্য মাস্টারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে নীতিমালা বাস্তবায়নের পরিবর্তে নৌশ্রমিকদের হয়রানির সুযোগ তৈরি হবে।
তারা আরও বলেন, মাস্টাররা এখন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যেখানে তাদের চাকরি ও যোগ্যতা সনদ—দুটির যেকোনো একটি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। মালিকের নির্দেশ পালন করতে বাধ্য শ্রমিকদের শাস্তির আওতায় না এনে নীতিমালা লঙ্ঘনকারী জাহাজ মালিক, অতিমুনাফালোভী পণ্য এজেন্ট ও লোকাল এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে বিডব্লিউটিসিসির ছাড়পত্র ছাড়া পণ্য পরিবহনে নিয়োজিত জাহাজগুলোর লাইসেন্স, সার্ভে ও রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ফেডারেশন নেতারা অভিযোগ করেন, নৌপরিবহন অধিদপ্তরকে ব্যবহার করে মাস্টারদের যোগ্যতা সনদ বাতিলের হুমকি দেওয়া এবং নৌ-সেক্টরে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে সিরিয়াল বাণিজ্যে জড়িত কিছু শ্রমিক নেতা ও অতিমুনাফালোভী মালিক শ্রেণির অসৎ ব্যক্তিরা জড়িত বলে তারা অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে অবিলম্বে মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের নিয়মে তাদের চাকরি করার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।