রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
এম.মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল :
সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশের ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কারপ্রাপ্ত তরুণ-তরুণীদের হাতে ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন। একই সঙ্গে নির্বাচিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারা দেশের মতো মৌলভীবাজারেও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল প্রতীকী চেক বিতরণ করেন।
মৌলভীবাজার জেলার অনুদানপ্রাপ্ত ছয়টি যুব সংগঠন হলো—কমলগঞ্জ চা-জনগোষ্ঠী ফোরাম, সোনাটিকি যুব সংঘ (রাজনগর), শ্রীপুর বাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠন (কুলাউড়া), অর্পণ যুব মহিলা কল্যাণ সংস্থা (জুড়ী), বাহারপুর কৃষক যুব কল্যাণ সমিতি (বড়লেখা) এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (MSEDA)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আশিক মহিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কল্লোল করিম মইন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নূর, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকস ইকবাল, বিএনপি নেতা ফখরুল ইসলাম ও কম্পিউটার প্রশিক্ষক হাসান উজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং যুব সংগঠনের প্রতিনিধিরা।