বাংলাদেশ প্রতিদিন খবর
- রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬ / ১২৮ জন দেখেছে


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১ ফেব্রুয়ারি (রবিবার) ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের মনোনীত প্রার্থী ও জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, “জামায়াত সরকার গঠন করলে দেশের কৃষকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে।
”তিনি বলেন, কৃষকরা এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ তারা ন্যায্য মূল্য, সহজ ঋণ ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদন খরচ কমাতে আধুনিক কৃষি উপকরণ সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সুদমুক্ত ঋণ প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসভায় তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানে জামায়াতে ইসলামী একটি বাস্তবভিত্তিক ও জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করেছে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল সবুর, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।