বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

মোঃ সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলী অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা তাকে আটকের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) ভোর ৫ টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রুস্তম আলী একজন সঙ্গীসহ একটি মোটরসাইকেল করে ঈদগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ডাকাত দল তার গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে রামু থানার উপপরিদর্শক (এসআই) এবং ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম জানান, “রুস্তম আলী মেম্বার অপহরণের বিষয়ে আমরা মৌখিকভাবে খবর পেয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অপহরণের ঘটনার পর থেকে রুস্তম আলীর পরিবার আতঙ্কে ও গভীর উদ্বেগে রয়েছে। তারা দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।