বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ হত্যা মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম জেলার খুলশি উপজেলার মতিঝর্ণা কলোনী থেকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টারদিকে চট্টগ্রাম জেলার খুলশি উপজেলা মতিঝর্ণা কলোনীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় ( মামলা নং-০৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) একটি হত্যা মামলা রুজু করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ সরকার, সঙ্গীয় অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টেবল মোঃ মিলাদ আহমদ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম-সহ যৌথ ফোর্স অভিযান পরিচালনা করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, ৩ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।