মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে করে প্রতিপক্ষের হামলায় কামরুল শেখ নামে একজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই আপন চাচাতো ভাই। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা -৭ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পুরুলিয়া গ্রামে মসজিদের কমিটি ও হিসাব নিকাশ এবং পূর্বের একটি হাঁস চুরির টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কামরুল শেখ ও তার ভাইদের বাড়ির ওপর গিয়ে হামলা করে। বেপরোয়াভাবে হামলায় কামরুল শেখসহ তার আপন ও চাচাতো ভাইসহ ৬ জন আহত হন।
আহতদের দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমুল রহমান, কামরুল শেখকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সবুর শেখে, মনছুর শেখ, মঞ্জুর শেখ, ইমরুল শেখ ও জাফর শেখকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত কামরুল শেখ স্থানীয় চাচুড়ী বাজারের একজন জুতা-স্যান্ডেল ব্যবসায়ী ছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসলিম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।