শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক মোহাম্মদ আব্বাস উদ্দিনকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি এবং তাঁর স্ত্রী-সন্তানদের ক্ষতি করার ভয় দেখানোর অভিযোগ উঠেছে রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক আব্বাস উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল (পিতা: মুস্তাক আহমদ) চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ফোন করে সাংবাদিক আব্বাস উদ্দিনকে শীতলঝর্ণা এলাকায় যাওয়ার জন্য বলেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিক আব্বাস উদ্দিনের দাবি, পরবর্তী সময়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে একাধিকবার ফোন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পিস্তল দিয়ে গুলি করে হত্যা, যেকোনো স্থানে ও যেকোনো মুহূর্তে মেরে ফেলা এবং তাঁর বাড়িতে গিয়ে গুলি চালানোর হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ছাড়া তাঁর স্ত্রী ও সন্তানদের ক্ষতি করার ভয়ভীতি দেখানো হয়েছে বলেও দাবি করেন আব্বাস উদ্দিন। এসব ঘটনায় নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন তিনি।
এ পরিস্থিতিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক মোহাম্মদ আব্বাস উদ্দিন। তিনি অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
একজন সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার এমন অভিযোগ উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগকারীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত রবিউলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।