সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ডিবির বিশেষ অভিযানে চোলাই মদসহ এক নারী মাদক কারবারি এবং জেলার জুড়ী থেকে ইয়াবাসহ ১ জনকে আটক হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিরস্ত্র) তাপস বনিকের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগান থেকে বীনা ভূমিজ (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেন। এসময় ডিবি সদস্যরা বীনা ভূমিজের ঘর তল্লাশি করে ২০ লিটার দেশীয় চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াস) উদ্ধার করেন।
পরে এসআই তাপস বনিক বাদী হয়ে রাজনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়াও রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী ফুলতলা চা বাগানের গেটের সামনে এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল, পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আজাদ চৌধুরী (৩৫) নামের এক যুবককে আটক করেন।
এ সময় তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।