শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় কক্সবাজারমুখী প্রাইভেটকারের ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রাইভেটকারটির চালকের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা পূর্বানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা পাঁচজন যাত্রী আহত হন। এর মধ্যে দুইজন গুরুতর আহত বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে সড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারকে রাস্তা থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।