মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরের চকবাজার থানা এলাকার সরকারি মহসিন কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলি খাঁ মসজিদ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং এর পুনর্বাসনের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি লন্ডনে এনসিপির নেতা ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহর ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। তবে প্রবাসে থাকা সংগঠনের নেতাকর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে তারা দাবি করেন। ভবিষ্যতে দেশে ও বিদেশে যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফুল ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে চট্টগ্রাম মহানগর এনসিপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।