শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় অনিয়ম ও দুর্নীতির ১৪টি অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হলেও অভিযুক্ত কর্মকর্তা আবু সাইদ মো. শহিদুল আলমের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বর্তমানে দিনাজপুর পৌরসভায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পুঠিয়া পৌরসভায় সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নিজস্ব রাজস্ব তহবিলের অর্থ ব্যয়ে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন শহিদুল আলম। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২০২৪ সালের ১৮ জুলাই একটি স্মারকে তাঁর বিরুদ্ধে ওঠা ১৪টি অভিযোগ সরেজমিন তদন্তের নির্দেশ দেয়।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও নিজস্ব রাজস্ব তহবিলের অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বাস্তবে কাজ না করেই বিল উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ।
পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অভিযোগকারী মো. শফিকুল ইসলাম জানান, বাস্তবে কোনো কাজ না করে অথবা নিম্নমানের কাজ দেখিয়ে কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব অনিয়মে প্রশাসনিক দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারি চিঠিতে জেলা প্রশাসনকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। মাঠপর্যায়ে তদন্ত কমিটি গঠন, নথিপত্র জব্দ কিংবা প্রকল্প পরিদর্শনের বিষয়ে দৃশ্যমান কোনো তথ্যও পাওয়া যায়নি।
অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও রয়েছে। তবে সেই নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
সচেতন মহলের দাবি, আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব ও প্রশাসনিক ভূমিকা নিয়ে স্বচ্ছতা থাকা জরুরি। তাঁদের মতে, অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার প্রশাসনিক দায়িত্ব পালন এবং অন্য পৌরসভায় বদলি হওয়ার বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন।
একাধিক জনপ্রতিনিধির অভিযোগ, পৌরসভার আর্থিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব রয়েছে। অনিয়মের প্রতিবাদ করলে চাপের মুখে পড়তে হয় বলেও দাবি করেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মো. শহিদুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজশাহী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোছা. তাছমিলা খাতুন বলেন, ‘তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। তবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উপজেলা প্রশাসন বলতে পারবে।’
পুঠিয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। এ বিষয়ে কিছু জানি না। প্রশাসনিক কর্মকর্তা (এও) তথ্য দিতে পারবেন।’
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. এমরান বিন হোসেন বলেন, ‘তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে। কিন্তু স্থানীয় প্রশাসন সরাসরি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, কারণ আইন সেটি কাভার করে না। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’
তবে ২০২৪ সালের তদন্ত নির্দেশনার পর কী ধরনের তদন্ত হয়েছে, কারা দায়ী হিসেবে চিহ্নিত হয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।