শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নবীনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান
মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ব্যবসা ও মাদকাসক্তি নিয়ন্ত্রণ, অপরাধ প্রবণতা প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় নবীনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।