শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রাখায় আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি মিষ্টির দোকানকেও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান।
অভিযানে তার সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আটটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের কারণে একটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন স্থানীয় জনগণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন। রাস্তা বা ফুটপাত দখল করে মালামাল রাখা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত আধুনিক পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে শুধু অভিযান চালিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। ব্যবসায়ী, নাগরিক ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হয়ে প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।