বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাবিনা ইয়াসমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, তুহিন চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ এবং খামারি নিয়াজ ইকবাল মাসুকসহ স্থানীয় খামারিরা।
সভায় বক্তারা বলেন, অধিক লাভের আশায় গবাদিপশুর চিকিৎসায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে খামারিদের বিরত থাকতে হবে। প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ওষুধ ব্যবহারে সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় খামারিরা তাঁদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, দুধের ন্যায্য দাম পেতে উন্মুক্ত বাজারে সরাসরি দুধ বিক্রির সুযোগ প্রয়োজন। এ জন্য শ্রীমঙ্গল শহরে খামারিদের দুধ বিক্রির জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ দুধ ও মাংস উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।