বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি:
কেউ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে অসহায়, কেউ হারাতে বসেছেন চোখের আলো, কেউ দুর্ঘটনায় পা হারিয়ে বন্ধ হয়ে যাওয়া জীবিকার পথ খুঁজছেন। আবার কারও পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারের আর্থিক সংকটে। এমন নানা দুর্দশা নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়েছিলেন অসহায় মানুষ। তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী অংশ নেন। অনলাইনে যুক্ত হন একজন প্রবাসী। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন শারীরিকভাবে অসুস্থ ও অসহায় আটজন এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
গণশুনানিতে আসা মানুষের মধ্যে ছিলেন পাঁচলাইশ এলাকার নার্গিস আক্তার। তাঁর তিন বছর পাঁচ মাস বয়সী ছেলে আরাবী হোসেন আলিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। স্বামীর সহযোগিতা না পাওয়া, নিজের হৃদরোগ এবং তিন সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাঁর। কখনো অন্যের কাছে হাত পেতে সংসার চালাতে হয়। সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে শেষ আশ্রয় হিসেবে জেলা প্রশাসকের দ্বারস্থ হন তিনি। তাঁর কষ্টের কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
একইভাবে চাঁদগাঁও এলাকার তাহমিনা বেগমের শিশু সন্তান মোহাম্মদ ওসমান গণি আকাশ মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকটে তা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে পরিবারের জন্য। অসুস্থ সন্তানকে দেখাশোনা করতে গিয়ে কাজ করার সুযোগও হারিয়েছেন তাহমিনা। তাঁর আবেদন বিবেচনা করেও সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক।
পটিয়ার চরকানাই এলাকার মুহাম্মদ নুরুল কবিরের গল্পটিও হৃদয়স্পর্শী। ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। বর্তমানে এক চোখে কিছুই দেখতে পান না। চিকিৎসকের পরামর্শ দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। অথচ সংসারের খরচ, দুই সন্তানের পড়ালেখা, চিকিৎসা এবং ব্যাংকঋণের কিস্তি সামলাতে গিয়ে নিজের চিকিৎসাই অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
এদিকে সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছেন ফজল করিম। একসময় দৈনিক মজুরিতে কাজ করে সংসার চালালেও এখন জীবিকা নির্বাহ করাই তাঁর জন্য কঠিন। চিকিৎসার ব্যয় ও পারিবারিক সংকটে দিশাহারা হয়ে তিনিও সহায়তা চান। অন্যদিকে বাকলিয়া এলাকার মুনমুন পক্ষাঘাতজনিত সমস্যায় স্বাভাবিক চলাফেরা ও কাজ করার সামর্থ্য হারিয়েছেন। অর্থাভাবে নিয়মিত ওষুধও কিনতে পারছেন না তিনি। তাঁদের দুজনের আবেদন শুনেও আর্থিক সহযোগিতা করেন জেলা প্রশাসক।
শুধু চিকিৎসা নয়, শিক্ষার্থীর স্বপ্ন বাঁচাতেও এগিয়ে এসেছেন জেলা প্রশাসক। রাঙ্গুনিয়ার চন্দ্রিমা সিংহ চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসার ব্যয় ও সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছে পরিবার। অর্থাভাবে পড়ালেখা বন্ধ হওয়ার আশঙ্কায় আবারও জেলা প্রশাসকের দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদন বিবেচনায় নিয়ে শিক্ষাসহায়তা দেওয়া হয়।
এ ছাড়া ৪৫ বছর বয়সী ইংরেজির শিক্ষক শেখ মুনতাসির তারেক বিন হাফিজ হেপাটাইটিস সি, পিত্তথলির পাথর ও ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসার জন্য ১২ সপ্তাহের ওষুধের কোর্স শুরু করলেও আর্থিক সংকটে প্রয়োজনীয় ওষুধ কেনা কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা অসম্পূর্ণ থেকে যাওয়ার আশঙ্কায় তিনিও সহায়তা চান। খাতুনগঞ্জ এলাকার শাহানা বেগমও দীর্ঘদিনের জটিল রোগ ও আর্থিক সংকটে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। তাঁদের আবেদনও মানবিক বিবেচনায় নিয়ে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
গণশুনানিতে চিকিৎসা ও শিক্ষাসংক্রান্ত আবেদনের পাশাপাশি জমি নিয়ে বিরোধ এবং সম্পত্তি জবরদখলের অভিযোগও ওঠে। অনলাইনে যুক্ত হয়ে একজন প্রবাসী তাঁর অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলো শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয় এবং গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও ফলাফল সেবাপ্রত্যাশীদের জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
গণশুনানিতে উপস্থিত অসহায় মানুষগুলোর প্রত্যেকের সংকট আলাদা হলেও প্রত্যাশা ছিল একটাই—দুর্দিনে কেউ তাঁদের পাশে দাঁড়াক। জেলা প্রশাসক তাঁদের আবেদনপত্রের পাশাপাশি ব্যক্তিগত দুর্দশার কথাও গুরুত্ব দিয়ে শোনেন। তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
তবে এককালীন সহায়তায় এসব পরিবারের দীর্ঘদিনের সংকট পুরোপুরি দূর করা সম্ভব নয়। জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা, প্রতিবন্ধী মানুষের পুনর্বাসন এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে দীর্ঘমেয়াদি সহযোগিতাও প্রয়োজন।
তারপরও বিপদের মুহূর্তে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিজের কষ্টের কথা তুলে ধরার সুযোগ এবং সেখান থেকে সহায়তা পাওয়া অসহায় মানুষগুলোর জন্য বড় স্বস্তির বিষয়। বুধবারের এই গণশুনানিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মানবিক উদ্যোগে উঠে এসেছে প্রশাসনের জনবান্ধব ভূমিকার একটি ইতিবাচক চিত্র। মানুষের আবেদনপত্রের আড়ালে থাকা কান্না, অসহায়ত্ব ও বেঁচে থাকার আকুতিকে গুরুত্ব দিয়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগেই তিনি হয়ে উঠেছেন অনেকের কাছে ‘মানবিক ডিসি’ জাহিদ।