বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ইয়ার রহমান (আনান), চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় বাস এবং অপরটিতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তাঁরা প্রাণ হারান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ও বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম-
কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় আল নুর জামে মসজিদের পূর্বে মহাসড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে।
ডুলাহাজারা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাবুল দে (৬৫) নামের এক বৃদ্ধকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে কোমর থেকে নিচের অংশে গুরুতর আঘাত পান। তাঁর ছেলে রনি দে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে, বুধবার রাত দেড়টার দিকে খুটাখালী বাজার জামে মসজিদের সামনে মহাসড়কে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘সৌদিয়া পরিবহনের’ একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-০৭৬৪) সামনে থাকা একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলচালক আবু বক্কর এবং রাস্তার পাশে পার্কিং করে রাখা আরেকটি মোটরসাইকেলের চালক মনিরুল খালেদ ওরফে রনি (৪১) গুরুতর আহত হন। এ সময় বাসের কয়েকজন যাত্রীকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও ঈদগাঁওর ইউনাইটেড হাসপাতালে পাঠান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনিরুল খালেদ ওরফে রনিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার রাত্রীকালীন মোবাইল টিমের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেন। বাসের যাত্রীদের নিরাপদে অন্য একটি বাসে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ আরও জানায়, প্রথম ঘটনায় নিহত বাবুল দের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুটি দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।