শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
চট্টগ্রাম:
বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে করপোরেট অঙ্গনের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩)’। একই আয়োজনের অংশ হিসেবে আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। দেশি-বিদেশি খ্যাতনামা খেলোয়াড়দের অংশগ্রহণে এ আয়োজন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।
শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে ফুটসাল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, অনেক পেশাদার খেলোয়াড় আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। তাঁদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। বড় বড় করপোরেট প্রতিষ্ঠান ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা করলে খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
এশিয়ান গ্রুপকে এমন একটি সুন্দর ক্রীড়া আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, খেলাধুলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। একসময় তিনি নিজেও প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। পরবর্তী সময়ে স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন এবং গত ২৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছেন।
খেলাধুলায় শারীরিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলায় অংশগ্রহণের আগে শারীরিক প্রস্তুতি বা কন্ডিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রস্তুতি ছাড়া খেলতে নামলে মাংসপেশিতে টান, লিগামেন্টে আঘাত ও মচকে যাওয়ার মতো ঝুঁকি থাকে। পেশাদার খেলোয়াড় না হলেও প্রত্যেকের খেলাধুলার আগে শারীরিক প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে চসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি আন্তরিক। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি ক্রীড়া কার্ড চালু করেছেন, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। খেলাধুলার প্রসার এবং খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এবারের ফুটসাল প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দিনের দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে হারায়।
টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে ‘এ’ গ্রুপে রয়েছে এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট। ‘বি’ গ্রুপে কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক। ‘সি’ গ্রুপে এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম। ‘ডি’ গ্রুপে ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ। ‘ই’ গ্রুপে এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক। ‘এফ’ গ্রুপে বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ। ‘জি’ গ্রুপে কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ‘এইচ’ গ্রুপে মাফ ফ্যামিলি, রবি ও পি-টু-পি ফার্নিচার অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ছোটবেলা থেকেই বাবা মোহাম্মদ আবদুস সালামের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তাঁরা দুই ভাই অনুপ্রাণিত হয়েছেন। সেই অনুপ্রেরণা থেকেই খেলাধুলার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা তৈরি হয়েছে।
তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং মাদকমুক্ত সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রতিবছর এ ক্রীড়া লীগের আয়োজন করা হচ্ছে। এবার ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের পাশাপাশি প্রথমবারের মতো মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হয়েছে। এতে দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়েরাও অংশ নেবেন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।
আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’-এ বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলারেরা অংশ নেবেন। আগামী ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার পর্দা নামবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক সাকিফ আহমেদ সালাম।
উল্লেখ্য, এর আগে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকতায় এবার বসেছে তৃতীয় আসর। ফুটসালের পাশাপাশি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় এবারের আয়োজনের পরিধি আরও বিস্তৃত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।