বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের উসকানিমূলক বক্তব্যের কারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে পৃথক হয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ গত ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গার বিভিন্ন সড়কে অবস্থান ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
এই আন্দোলনকে কেন্দ্র করে নিক্সন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করেছে পুলিশ। গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ‘অবৈধ’ আখ্যায়িত করেন এবং আন্দোলনকে সহিংস করার ইঙ্গিত দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ সেপ্টেম্বর নিক্সনের অনুগত কর্মী-সমর্থকরা ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিস ও কৃষি অফিসে ভাঙচুর চালায়। এ সময় সরকারি গাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর ভাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর আরেকটি ভিডিও বার্তায় নিক্সন আবারও সরকার ও নির্বাচন কমিশনকে অবৈধ আখ্যা দিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তার এই বক্তব্যে জনগণকে আবারও উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা ভবিষ্যতে আরও সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জনগণের উদ্দেশে পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, কোনো উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলতে হবে এবং জনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তারা আশ্বস্ত করেছে, মামলা দিয়ে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। একই সঙ্গে কেউ যদি উসকানিমূলক বক্তব্য বা গুজব প্রচার করে তবে তা দ্রুত নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানানো হয়েছে।