রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

আর্ন্তজাতিক ডেক্স :

ইসরাইলে ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে নতুন সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পরিবর্তনকামী জনতা। শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির বিভিন্ন শহরে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহের নির্বাচনে সরকার পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন এলেও বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় বিক্ষোভের ডাক দিয়েছে ‘স্ট্যান্ডিং টুগেদার’ নামের একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, বিয়ারশেবা, হাইফা ও তাইবেতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় এসব কর্মসূচি শুরু হওয়ার কথা।

নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী জোট পেয়েছে ৬৭টি আসন। বিরোধী জোটের মধ্যে ইহুদি জায়নবাদী দলগুলোর আসন ৪৮টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলোর আসন ১৯টি। ফলে সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে জোট করা নিয়ে বিরোধী শিবিরে মতবিরোধ তৈরি হয়েছে।

ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার, নাফতালি বেনেটের বি’ইয়াহাদ, ইয়ার গোলানের দ্য ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দল দুটি হলো ইউসুফ জাবারিনের জয়েন্ট লিস্ট এবং মনসুর আব্বাসের রা’আম।

বিক্ষোভের আয়োজকরা বলেন, নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে। তাদের দাবি, বিরোধী জোটের নেতাদের নির্বাচনী ফলাফল মেনে নিয়ে ইহুদি-আরব অংশীদারত্বের ভিত্তিতে সরকার গঠন করতে হবে।

আয়োজকদের ভাষ্য, আরব নাগরিকদের ভোটের মূল্য ইহুদি নাগরিকদের ভোটের সমান। দেশের ভবিষ্যৎ নির্ধারণে আরব নাগরিকদেরও পূর্ণ অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাতে বিরোধী নেতা ইয়ার গোলান আশাবাদ প্রকাশ করেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে পরিবর্তনের জোট সরকার গঠন করতে পারবে। নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও তিনি নাকচ করে দেন।

গোলানের মতে, বিরোধী দলগুলোর সরকার গঠনের সুযোগ রয়েছে এবং তাদের সেই উদ্যোগ নেওয়া উচিত। ১২০ আসনের নেসেটে জায়নবাদী বিরোধী দলগুলোর আসন ৪৮টি। রা’আমের সমর্থন পেলে তা ৫৬টিতে দাঁড়াবে। আর জয়েন্ট লিস্টের রয়েছে আরও ১১টি আসন।

গোলান জানান, বৃহস্পতিবার তিনি ইয়াশার নেতা গাদি আইজেনকোট, বি’ইয়াহাদের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদ এবং রা’আমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর দাবি, সরকার গঠনের বিষয়ে তিনজনকেই দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়েছে।

তবে আভিগদর লিবারম্যান শুক্রবার আবারও স্পষ্ট করেছেন, আরব নেতৃত্বাধীন দল দুটিকে নিয়ে কোনো জোট সরকারে অংশ নেবে না তাঁর দল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘আমরা সন্ত্রাসবাদের সমর্থকদের সঙ্গে বসব না!’ এ সময় রা’আম ও জয়েন্ট লিস্টের কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।

এর আগে নেতানিয়াহুর সঙ্গেও কোনো সরকারে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন লিবারম্যান।

এদিকে নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণের কারণে আরব নেতৃত্বাধীন দলগুলো সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থানে এসেছে। তাদের সমর্থন ছাড়া বিরোধী দলগুলোর সরকার গঠন কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এলেও নেতানিয়াহুর সামনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্পষ্ট পথ নেই। বর্তমান কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ধর্মীয় মিত্রদের বাইরে নতুন সমর্থন না পেলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়া কঠিন হতে পারে।

এমন পরিস্থিতিতে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর সাবেক প্রধান মোশে ইয়ালনও আরব দল রা’আমকে নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোকে মনসুর আব্বাসকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেন।

ইয়ালন উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের কর্মকাণ্ডের সঙ্গে মনসুর আব্বাসের রাজনৈতিক অবস্থানের তুলনা করেন। বেন-গভিরের অতীত কর্মকাণ্ড ও স্মোত্রিচের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মনসুর আব্বাসের মূল্যবোধের সঙ্গে অধিকাংশ ইসরাইলি নাগরিকের মূল্যবোধের মিল থাকতে পারে।

নির্বাচনের পর ইসরাইলের রাজনীতিতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ মতপার্থক্য কাটিয়ে ইহুদি-আরব অংশীদারত্বের ভিত্তিতে সরকার গঠন সম্ভব হবে কি না, এখন সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com