রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ধামইরহাট পৌরসভার তালঝাড়ি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কনসোর্টিয়ামের কারিগরি সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন সিএমএল কামরুজ্জামান সরদার। এতে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট গম্ভীরা পরিবেশন করে।
গম্ভীরা নাটিকার মাধ্যমে পানি সম্পদ সংরক্ষণ, কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো ও পরিবেশ রক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। লোকজ সংস্কৃতির মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত দর্শকেরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ, পানিসম্পদের সঠিক ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়বে। পাশাপাশি এসব ক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।