রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধ এবং সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের নেতৃত্বে তিনটি ব্যাটালিয়ন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ ৩৩১.৭ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার)(১৭ অক্টোবর) শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত *ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পূজা মন্ডপের সভাপতির নিকট বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন।
সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদ হাসান জানান, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), এই তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২০৬টি এবং ইউনিট সদর দপ্তর থেকে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৩১টি, সর্বমোট ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শ্রীমঙ্গল সেক্টরে মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছেন। এছাড়া নজরদারির জন্য বিভিন্ন স্থানে একাধিক অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা যায়।
সেক্টর কমান্ডার বলেন, দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহবান জানান।
মিডিয়া ব্রিফিংকালে সেক্টর কমান্ডার বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দিন-রাত অভিযান পরিচালনা করা হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসব অভিযানে মোট ৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম দেশের অর্থনীতি সুরক্ষা, অপরাধ দমন এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর দৃঢ়ভাবে বিশ্বাস করে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দূর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব। পরিশেষে, সেক্টর কমান্ডার সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে শারদীয় দূর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি কামনা করেন।
উল্লেখ্য, দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দূর্গম এলাকায় ১৮৩টি মণ্ডপ রয়েছে।
দূর্গম এলাকার নিরাপত্তায় ১৮টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবেন। মাঠ পর্যায়ের সমন্বয়ে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে।