বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
রাজশাহী ব্যুরো:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময় সফর, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগর ভবনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান।
কর্মশালায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা এবং ইউডিসিজিপির প্রতিনিধিরাও এতে উপস্থিত রয়েছেন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।