বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৬ অক্টোবর সোমবার বিকেলে এসআরবি-৫ রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি গোয়েন্দা দল কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। এতে তিনটিপ্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ফাতেমা হোমিও হলে লাইসেন্স ছাড়া রোগী দেখা ও ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, লিচুবাগান এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার ফাইভ স্টার মেডিকেল সেন্টারের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনজনের বিরুদ্ধেই মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও জানানো হয়, তিনটি প্রতিষ্ঠানের ওপর আরোপিত মোট ৮০ হাজার টাকা জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান হচ্ছে।