
টাঙ্গাইলের দেলদুয়ারে সংসার খরচ চালাতে হিমশিম ও অভাব-অনটনে স্ত্রীর সঙ্গে ঝগড়ার দুই দিন অনাহারে থেকে সহ্য করতে না পেরে জিয়ারত খান (৫৫) নামের এক কৃষক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের কাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক জিয়ারত খান উপজেলার ওই গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
জিয়ারত খানের মেয়ে শান্তা আক্তার জানান, তাদের অভাব অনটনের সংসার। প্রায়ই তার বাবার সঙ্গে মায়ের ঝগড়া হতো। কয়েকদিন আগেও প্রয়োজনীয় টাকা-পয়সার অভাবে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটেছিল। ওই ঝগড়াকে কেন্দ্র করে গত দুই দিন অনাহারে ছিলেন বাবা।
তিনি আরও জানান, দুই দিন পর আজ বুধবার দুপুরে পথচারীরা বাড়ির পাশের বাঁশঝাড়ে জিয়ারত খানকে ফাঁসিতে ঝুলতে দেখে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভাব অনটনের কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে, আত্মহত্যার মূল কারণ ময়নাতদন্ত প্রতিবেদন রিপোর্টের পর জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.