মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকার শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।
শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের মুখপাত্র শ্রী যোশেফ দাশগুপ্ত (যশো)।
প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেকের মনে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে। মন্দির, সংখ্যালঘু জনগোষ্ঠী কিংবা ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো ধরনের হয়রানি বা অবিচার হতে দেওয়া হবে না। গতবারের নির্বাচনে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপিকে সবচেয়ে বেশি ভোট প্রদান করা হয়েছে। আপনারা আগামীতে আমাদের কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে বিএনপিকে ভোট দিবেন। আমরা যদি ভাল কাজ না করতে পারি তাহলে তো ভোট দিবেন না। তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি চান এই বাংলাদেশে সব ধর্মের লোক শান্তি ও সম্প্রীতি নিয়ে বসবাস করুক।
এবারের দুর্গাপূজা উদযাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পূজা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পূজা নিয়ে প্রতিবেশী দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচারণা থাকলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ ছিল প্রশংসনীয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পূজা উপলক্ষে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দলীয় ও সরকারি পর্যায়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যাতে কোনোভাবেই সংখ্যালঘু সম্প্রদায় কিংবা কোনো জনগোষ্ঠীর ওপর অবিচার না হয় এবং সবাই ন্যায্য অধিকার পায়। পূজার নবমীতে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ, নারী ও শিশুদের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
বিজন কান্তি সরকার বলেন, ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক না কেন, দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচবে। কারও অধিকার ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জনগণ যে আস্থা ও ভালোবাসা নিয়ে ভোট দিয়েছেন, তার যথাযথ মর্যাদা দিতে হবে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতনী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.