
মৌলভীবাজার প্রতিনিধি:
ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক না কেন, বাংলাদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচবে। কোনো ধর্মীয় সম্প্রদায় বা জনগোষ্ঠীর ওপর অবিচার কিংবা হয়রানি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকার শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজন কান্তি সরকার বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেকের মনে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে। মন্দির, সংখ্যালঘু জনগোষ্ঠী কিংবা ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো ধরনের হয়রানি বা অবিচার হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গত নির্বাচনে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। আগামী দিনেও সরকারের কাজের মূল্যায়নের ভিত্তিতে জনগণ বিএনপিকে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ভালো কাজ করতে না পারলে ভোট না দেওয়ার অধিকারও জনগণের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার কথা উল্লেখ করে বিজন কান্তি সরকার বলেন, প্রধানমন্ত্রী চান, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করুক।
আসন্ন দুর্গাপূজা উদযাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবারের পূজা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পূজা নিয়ে প্রতিবেশী দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচারণা থাকলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ প্রশংসনীয় ছিল।
তিনি বলেন, পূজা উপলক্ষে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রী দলীয় ও সরকারি পর্যায়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যাতে কোনোভাবেই সংখ্যালঘু সম্প্রদায় কিংবা অন্য কোনো জনগোষ্ঠীর ওপর অবিচার না হয় এবং সবাই ন্যায্য অধিকার পায়।
পূজার নবমীতে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ, নারী ও শিশুদের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।
শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের মুখপাত্র শ্রী যোশেফ দাশগুপ্ত (যশো)।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জনগণ যে আস্থা ও ভালোবাসা নিয়ে ভোট দিয়েছেন, তার যথাযথ মর্যাদা দিতে হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতনী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.