উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজ ফাতিমার মর্মান্তিক মৃত্যু মেয়ের সুখের আশায় প্রবাসী বাবার আজীবনের সঞ্চয় ও ত্যাগের পরও শেষরক্ষা হলো না। নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের বাগাচারা এলাকায় পরকীয়ার প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রী কানিজ ফাতিমাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী আশিক হাসানের বিরুদ্ধে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে বাগাচারা এলাকার আশিক হাসানের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখ-শান্তির কথা ভেবে সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাইয়ের চাকরি থেকে শুরু করে সংসারের যাবতীয় চাহিদা পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দেন। কিন্তু এরপরও যৌতুকের দাবিতে কানিজের ওপর চলতে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন।
স্বজনদের অভিযোগ, চট্টগ্রামে যাওয়ার পর থেকেই ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন আশিক। বিষয়টি জেনে ফেলায় এবং প্রতিবাদ করায় কানিজের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
সবশেষ চলতি সপ্তাহে ছুটিতে বাড়ি আসেন আশিক হাসান। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে কানিজের মৃত্যু হলে স্বজনদের খবর দেওয়া হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নৃশংস ঘটনার পর কানিজের প্রবাসী বাবা ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে এবং স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.