মো. সেলিম উদ্দিন খাঁন:
উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে মাত্র দুই মাস আগে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় (ইউবিসি) পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) অত্যন্ত মেধাবী শিক্ষার্থী লাবিব আয়মান আলম। কিন্তু কে জানত, সেই স্বপ্নযাত্রার এমন এক নির্মম পরিণতি অপেক্ষা করছে!
লাবিব বাংলাদেশ মেরিন একাডেমির ৩৩তম ব্যাচের ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সমুদ্রে জাহাজে কর্মরত অবস্থায় সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুসংবাদ একজন বাবার হৃদয়ে যে গভীর ক্ষত তৈরি করেছে, তা ভাষায় প্রকাশ করার নয়। মাত্র ১৯ বছর বয়সে বিদেশের মাটিতে তাঁর এই প্রয়াণ পরিবারটির দীর্ঘদিনের লালিত স্বপ্নকে নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে।
জানা গেছে, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষার্থীদের আবাসিক ডরমিটরির করিডর থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
প্রিয় সন্তানকে হারিয়ে আজ দিশাহারা পুরো পরিবার। পরম করুণাময় আল্লাহ তাআলা মরহুম লাবিব আয়মান আলমকে ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই শোকসন্তপ্ত পরিবারকে এমন অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.