

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় এ বছর ১ হাজার ২২টি পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে কাজ করছে এলিট ফোর্স এসআরবি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে মিডিয়া ব্রিফিং করেন এসআরবি-৯-এর সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। এ সময় শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি অধিনায়ক জানান, মৌলভীবাজার জেলার এক হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবির ১৪টি পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
তিনি জানান, পেট্রোল টিমগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সতর্কতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.