
মৌলভীবাজার প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ারুল হক। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় জেলা পুলিশের প্রণীত দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা, পুলিশের পাশাপাশি স্কাউট ও স্বেচ্ছাসেবক নিয়োগ, শহরের নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং, যান চলাচল নিয়ন্ত্রণ, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত সিএনজি স্ট্যান্ড স্থানান্তর এবং শহরের বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ ভারী যানবাহনের যত্রতত্র অবস্থান বন্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সব থানার অফিসার ইনচার্জ; জেলা বিশেষ শাখার ডিআইও-১; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ; ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন); পূজা উদ্যাপন ফ্রন্ট ও পূজা উদ্যাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ; বাস-মিনিবাস সমিতির প্রতিনিধি; জেলা অটোটেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.