
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও রিং/মশারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
অভিযানকালে হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহাল থেকে ১০০টি রিংসহ প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
এ ছাড়া ২০টি মশারি জালসহ প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।
উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে জলমহালে অবৈধভাবে স্থাপিত নেটের বাঁধও উচ্ছেদ করা হয়।
অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.