
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রেলগেট সংলগ্ন আত্রাই-রাণীনগর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।
গ্রেপ্তার শামিম হোসেন উপজেলার চকমনু গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। পাশাপাশি তিনি নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, শামিম হোসেন উপজেলা বিএনপির সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দলে কোনো স্থান নেই বলেও জানান তিনি।
জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা শাখার সভাপতি এমরান হোসেন বলেন, শামিম হোসেন নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তাঁর মাদক-সংক্রান্ত অভিযোগের বিষয়টি আগে জানা ছিল না। বিষয়টি সত্য হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মাদকবিরোধী অভিযান চলাকালে রেলগেট এলাকায় মাদক কেনাবেচার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় শামিম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাণীনগর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.