
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া-রাজাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়ের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন আব্দুস সোবহান। তার সঙ্গে ছিল সাত বছর বয়সী এক নাতি।
তারা মান্দা ফেরিঘাট থেকে একটি অটোরিকশায় করে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বাবলাতলী এলাকায় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় অটোরিকশা থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন আব্দুস সোবহান। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মান্দা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.