
মোহাম্মদ আসিফ ,চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় ব্যক্তি রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুদ করে রাখছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকার জনৈক কামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে দুই জনকে আটক করা হয়। তারা হলেন—
১। মোঃ কামাল (৫০), পিতা মৃত খায়েজ আহম্মেদ
২। মোঃ সোহেল আহম্মদ (৪৪), পিতা মৃত সফিক আহম্মেদ
উভয়ের ঠিকানা—নোয়াপাড়া, থানা রাউজান, জেলা চট্টগ্রাম।
পরবর্তীতে তাদের বসতবাড়ি তল্লাশি করে র্যাব সদস্যরা ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা, এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত কামাল উদ্দিনের নামে রাউজান থানায় অন্তত ৩টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি গোপন অস্ত্র কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের কাছে বিক্রি করছিলেন।
র্যাব-৭ আরও জানায়, অস্ত্র তৈরির সিন্ডিকেটটি অত্যন্ত গোপন পদ্ধতিতে কার্যক্রম চালাত। এলাকা দুর্গম হওয়ায় এবং অপরিচিত কাউকে দেখলেই তারা সতর্ক হয়ে যেত। ফলে তাদের অবস্থান শনাক্ত করা ছিল বেশ কঠিন কাজ। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার পর বৃহস্পতিবারের অভিযানে তাদের গ্রেফতার সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.